নির্বাচন কমিশন (ইসি) দেশে ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের জন্য গঠিত মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সিইসি জানান, শুধু ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করতে চায় ইসি।
তিনি বলেন, বর্তমান কমিশন ভালো নির্বাচনের সংস্কৃতি তৈরি করতে চায়। এ দেশে ভোট যেন যুদ্ধ, লাখ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হয়, এসব ভোটের লজ্জা। এই লজ্জা দূর করে যুদ্ধকে উৎসবে পরিণত করতে চায় ইসি।
সিইসি আরও জানান, লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোটের ভালো পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, ভালো পরিবেশের কারণে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।