গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।
আজ শনিবার সকালে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালের দিকে ব্রিজের নিচে পানিতে ওই নারীর মরদেহ ভাসতে দেখেন।
স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।