শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আখাউড়া স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম

আখাউড়া স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম, তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বোত্তর রাজ্যগুলোর সঙ্গে আজ শনিবার থেকে পরবর্তী ৭ দিন আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আজ ১৭ অক্টোবর শনিবার থেকে ২১ অক্টোবর বুধবার পর্যন্ত পাঁচ দিন শারদীয় দুর্গোৎসবে বন্দরের সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর রোববার ও ২৬ অক্টোবর সোমবার আবারও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্য দিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

আগরতলা ইন্দো বাংলা এক্সপোর্ট-ইমপোর্ট কমিউনিকেশন সেন্টার এক চিঠিতে বাণিজ্য বন্ধের এ সিদ্ধান্ত নিয়ে আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতাদের জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ মেহেদী হাসান এবং আখাউড়া স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. নূরুল হুদা তথ্যটি নিশ্চিত করেছেন।

আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. আলা উদ্দিন জানান, পূজোয় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও এ পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন