মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা, সামরিক উত্তেজনা ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-এর খবরে বলা হয়েছে, শনিবার (১৭ অক্টোবর) তিনি একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বাগদাদে যান।
শনিবার ও রোববার দুদিনব্যাপী আয়োজিত ওআইসির ৫২তম কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স সম্মেলনে উপস্থিত সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাঘচি বেশ কিছু দ্বিপাক্ষিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন।
চলতি বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তি ও টেকসই অগ্রগতির ভিত্তি হিসেবে সংলাপ ও সংহতি’ বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তপ্ত সামরিক পরিস্থিতি এবং ইয়েমেনে সংঘাত বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও জ্বালানি সরবরাহ চরম ঝুঁকির মুখে পড়েছে।
এই চরম অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারেও। শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১০৯.৮৬ মার্কিন ডলারে গিয়ে ঠেকেছে, বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।