মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে। তিনি সৌদি আরবের কাছে ইসরায়েলের সহায়তার প্রস্তাব গ্রহণের আহ্বান জানান।
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "হ্যাঁ, আমার তা-ই মনে হয়, অবশ্যই। ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে।"
চলতি সপ্তাহের শুরুতে কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবকে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।
এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই উদ্যোগের বিরোধিতা করেন।
মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুবরাজ বিন সালমানের আশঙ্কা ছিল যে, এই প্রস্তাব সৌদি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।