জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু হিন্দু সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে বলেন, কেউ তাদের দিকে বাঁকা চোখে তাকালে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে।
বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরে সরকারি অনুদানের ৬০০ কেজি চাল প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
দুলু বলেন, "যুগ যুগ ধরে আমরা হিন্দু–মুসলমান একসাথে বসবাস করছি। ঈদে হিন্দুরা আমাদের বাড়িতে আসতো আর পূজাতে আমরা তাদের বাড়িতে যেতাম। আমাদের মধ্যে একটি সোহার্দ ছিল।"
তিনি আরও বলেন, "গত ১৭/১৮ বছর সেই ঐতিহ্য বজায় রাখা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন যে হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।"
হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে দুলু জানান, "যদি কেউ উল্টাপাল্টা কিছু বলে, আমাকে ফোন করবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমি আপনাদের পাহারা দেব।"
তিনি বলেন, "হিন্দুরা সংখ্যালঘু নয়, তাদের ওপর অন্যায় করে পার পাওয়া যাবে না।"