যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত প্রতিবেদন আগামী রোববার জমা দেওয়া হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ বুধবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, 'প্রশ্নফাঁসের তথ্য পাই ১০টার দিকে। তখনই তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিন সময় ছিল, তবে কমিটি আরও কয়েকদিন সময় চেয়েছে।'
তিনি আরও জানান, 'আমরা চাই এ ঘটনায় কারা কারা জড়িত, সে সব উদঘাটন করতে। রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এর যেনো পুনরাবৃত্তি না হয়। আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সেখানে যেনো সবাই অংশ নিতে পারে সে চেষ্টা ও আন্তরিকতা থাকবে।'
আমিনুল হক বলেন, 'রিপোর্ট না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে যাব না। তবে মন্ত্রণালয়ের বা যে জড়িত থাকবে ব্যবস্থা নেওয়া হবে।' পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখনো অভিযোগ, সেটা প্রমাণ হয়নি। আমাদের সব ধরণের পদক্ষেপ থাকবে।'