সরকার এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট চলছে এবং এ অবস্থায় অত্যাবশ্যকীয় পণ্য এলপিজি নিয়ে ধর্মঘট না ডেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। তিনি ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এলপিজির সরবরাহ স্থিতিশীল রাখা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাণিজ্যিক বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সরবরাহ নিয়ন্ত্রণ করে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।