ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার গ্লাইড বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যার মধ্যে চারজন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, হামলায় ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
১০ অক্টোবর শনিবার স্থানীয় সময় সকালে শহরের আবাসিক ভবনগুলোতে পাঁচটি গ্লাইড বোমা আঘাত হানে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষিত চুক্তির প্রতি রাশিয়ার ‘কৃতজ্ঞতা’ হিসেবে উল্লেখ করেছেন।
জেলেনস্কি বলেন, “রাতভর ইউক্রেনের আরও ১৩টি অঞ্চলে হামলা চালানো হয়েছে, যা প্রমাণ করে যে রাশিয়া চাপ শিথিল করার যেকোনো পদক্ষেপকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে।”
জাপোরিঝিয়ায় হামলার স্থানে ছবিতে দেখা যায়, একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভারপ্রাপ্ত মেয়র রেজিনা হারচেঙ্কো জানান, ভবনের নিচতলায় আঘাত হানা হয়েছিল এবং উপরতলাগুলো ধসে পড়েছে।
তিনি জানান, উদ্ধার অভিযান চলছে এবং এতে ৮০ জনেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন। উদ্ধারকর্মীরা নিয়মিত বিরতিতে কাজ থামিয়ে ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা কেউ কোনো শব্দ করছেন কি না, তা শোনার চেষ্টা করছেন।