ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৫ শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে রাশিয়ার অন্যতম ‘জঘন্য হামলা’ হিসেবে অভিহিত করেছেন।
বুধবার (৭ অক্টোবর) ইউক্রেনে এ হামলাটি চালানো হয়। উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে, যেখানে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সেখানে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়ায়।
নিহতদের মধ্যে ৫ শিশু রয়েছে। রাজধানী কিয়েভেও হামলায় ৪ জন নিহত হয়েছেন এবং দেশজুড়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন, এমন তথ্য জানিয়েছেন জেলেনস্কি।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়ার ছোড়া ৪৬টি ড্রোনের ৮০ শতাংশের বেশি ভূপাতিত করা হয়েছে। তবে জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনও ইউক্রেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।