ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী দেশের যুবসমাজকে ভয় পান।
১০ অক্টোবর শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হন দীপকে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
দীপকে বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরশাসক। তিনি ভয় পেয়েছেন। সে কারণেই দিল্লি মেট্রো, রাস্তাঘাট— সবকিছু বন্ধ করে দিয়েছেন।’ তিনি প্রশ্ন তোলেন, ‘যদি দেশের যুবসমাজকে এতটাই ভয় পান, তাহলে মোদি কেন প্রধানমন্ত্রীর পদে রয়েছেন?’
দিল্লিতে মেট্রো চলাচলে বিধিনিষেধ এবং শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থার বিষয়ে দীপকের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘নরেন্দ্র মোদি ও অমিত শাহ কি নিজেদের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ করতে চান?’
দীপকের দাবি, প্রধানমন্ত্রী মোদি ভয় পাচ্ছেন, কারণ তিনি আশঙ্কা করছেন যে, দেশের মানুষ তাকে আর ভোট দেবেন না।
যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনার পক্ষে যুক্তি তুলে ধরে দীপকে বলেন, ‘প্রতিবাদ করা আমাদের মৌলিক অধিকার। সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার মৌলিক অধিকার দেওয়া হয়েছে।’