ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে অন্য দুজন হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের যন্তর মন্তরে জড়ো হওয়া ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
আন্দোলনকারীদের চলাচল নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে কড়া নজরদারি চালাচ্ছে।
এদিকে, বিক্ষোভে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আটককৃতদের মধ্যে অন্তত ৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক রেকর্ড রয়েছে, যাদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে সতর্কতামূলকভাবে আটক করা হয়েছে।