আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়ে গেছে।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক দশমিক ৩৩ ডলার বেড়ে বর্তমানে ১০১ দশমিক পাঁচ তিন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে এক দশমিক ১১ ডলার, যা বিক্রি হচ্ছে ৮৯ দশমিক তিন নয় ডলারে।
বিশ্লেষকরা জানান, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা মূলত বাজারে দাম বৃদ্ধির চাপ তৈরি করছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হরমুজ প্রণালিতে পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এই আশঙ্কার কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তেলের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে।