ফরাসি ফুটবল তারকা ও ব্যালন ডি’অরজয়ী স্ট্রাইকার করিম বেনজেমা সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট খাতে বিশাল বিনিয়োগ করেছেন। তিনি দুবাইয়ের বিলাসবহুল আবাসন বাজারে একাধিক রেসিডেন্স ও অ্যাপার্টমেন্ট কিনেছেন।
বুধবার (৭ অক্টোবর) দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত ‘ভিশন আইকনিক’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছে শীর্ষস্থানীয় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান বিনঘাত্তি। প্রতিষ্ঠানটি জানায়, বেনজেমা ‘মার্সিডিজ-বেঞ্জ প্লেসেস | বিনঘাত্তি সিটি’ প্রকল্পে একাধিক অ্যাপার্টমেন্ট এবং ‘ভিশন আইকনিক’-এ একটি অতি-বিলাসবহুল রেসিডেন্স কিনেছেন।
বিনিয়োগের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেনজেমা বিনঘাত্তির সেলস প্রধান আবদুল্লাহ বিনঘাত্তির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিনঘাত্তির চেয়ারম্যান মুহাম্মদ বিনঘাত্তিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেনজেমার এই বিনিয়োগের ফলে তিনি দুবাইয়ের প্রপার্টি খাতে বিনিয়োগকারী আন্তর্জাতিক ফুটবল তারকাদের অভিজাত তালিকায় যুক্ত হলেন। এর আগে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারও বিনঘাত্তির বুগাত্তি রেসিডেন্সে প্রায় ২০ কোটি দিরহাম মূল্যের একটি স্কাই ম্যানশন কিনেছিলেন।
বিনঘাত্তির চেয়ারম্যান মুহাম্মদ বিনঘাত্তি বলেন, “বিশ্বের অন্যতম শীর্ষ ফুটবল তারকাদের আমাদের প্রকল্প বেছে নেওয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ক্রেতাদের কাছে কতটা বিশ্বস্ত ও আকর্ষণীয় স্থান করে নিয়েছে।”
৩৮ বছর বয়সী বেনজেমার এই বিনিয়োগ এমন এক সময়ে এসেছে, যখন তার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছে। সম্প্রতি তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনেছেন। ফলে ফুটবল বিশ্বে প্রশ্ন উঠছে, তিনি কি মাঠের বাইরে মনোযোগ দেবেন, নাকি নতুন কোনো ক্লাবে নাম লেখাবেন।