গ্যাস সংকট কাটিয়ে আট মাস পর উৎপাদন শুরু করার দুই দিনের মাথায় জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানির ইউরিয়া উৎপাদন আবার বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে কারখানার বয়লারে লিকেজ দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
যমুনা ফার্টিলাইজার কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সার কারখানার উৎপাদন কার্যক্রম স্থগিত হয়ে যায়।
প্রায় আট মাস পর গ্যাস সংযোগ পাওয়ার পর সোমবার রাত থেকে পুনরায় উৎপাদনে যায় যমুনা সার কারখানা। তবে, কারখানাটি দৈনিক ১ হাজার ৭০০ টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে গ্যাসের চাপ স্বল্পতা এবং যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ক্ষমতা কমে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টনে নেমে এসেছে।