বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রামপালে হচ্ছে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে একনেক।

রামপালে হচ্ছে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র

রামপালে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের জন্য ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে একনেক, যার ব্যয় ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা।

বুধবার একনেক সভাশেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সড়ক তৈরির পর ৩ বছরের মধ্যে গুণগত মান নষ্ট হলে, ঠিকাদারকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১০টি নতুন প্রকল্প, ২টি সংশোধিত প্রকল্প এবং ১টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের মোট ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা, যার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা এবং বাকিটা প্রকল্প ঋণ ও সংস্থার নিজস্ব অর্থায়ন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ২০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য খাত থেকে উৎপাদন করা। এর ধারাবাহিকতায় রামপালের ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কয়লা বিদ্যুৎ প্রকল্প না করে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ব্যাটারি স্টোরেজ যুক্ত হবে।’ প্রথমে চার ঘণ্টার ব্যাকআপ রাখা হলেও, একনেক বৈঠকে ৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ কেনার জন্য ২৭৬৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘রেলের ৩০টি মিটার গ্যাজ লোকোমোটিভ কেনার প্রকল্প অনুমোদিত হয়েছে।’

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ৫টি অঞ্চলের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ ১৩টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন