আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সাব-রেজিস্ট্রার অফিস সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে এই বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, 'ঢাকাতে যারা সাব-রেজিস্ট্রার হিসেবে আসেন, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়।'
ঢাকার পদগুলো 'এ' ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং এই প্রথমবারের মতো লটারি করা হচ্ছে। সারা দেশে বর্তমানে 'এ' ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রার রয়েছেন, তাদের মধ্যে ১৮ জনকে ঢাকার জন্য বাছাই করা হয়েছে।
মন্ত্রী জানান, বাছাইকৃত সাব-রেজিস্ট্রারদের দক্ষতা যাচাই করে ঢাকার বিভিন্ন এলাকায় পোস্টিং দেওয়া হবে। এই উদ্যোগের ফলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন, যার মধ্যে ১৩৯টি খালি পদ রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে সম্পন্ন করা হবে।