বাংলাদেশে বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য দেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করতে পারবেন।
যেসব বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়, সেগুলোর ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।
এই পদক্ষেপের ফলে, দেশীয় ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহের ব্যবস্থা না থাকলেও আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি বিমান পরিষেবা প্রতিষ্ঠানগুলোর পরিবহনে ভ্রমণের সুযোগ পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার এ সুবিধা নির্ধারিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে থাকবে। তবে টিকিট কেনার যথার্থতা যাচাই করে গ্রাহকের কার্ডে ব্যবহৃত অর্থ পুনরায় রিফিল বা সমন্বয় করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।