বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের কারণে রাতারাতি তারকা বনে গেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে ম্যাচে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে গোলশূন্য ড্রয়ের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ারের সংখ্যা ৫৬ হাজার থেকে ১০ লাখে পৌঁছেছে।
৪০ বছর বয়সী এই গোলকিপার 'দ্য অবজার্ভার'কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এখন রেস্টুরেন্টে গেলেও ভক্তরা ছবি তুলতে এবং অটোগ্রাফ চাইতে ভিড় করেন। এর ফলে তার ব্যক্তিগত পরিসরও হারিয়ে গেছে।
ভোজিনিয়া বলেন, “অনুমতি ছাড়াই ভিডিও করা হচ্ছে আমাকে। এটি আমার জন্য খুবই অস্বস্তিকর।” ফুটবলে মনোযোগ ধরে রাখতে তিনি ইনস্টাগ্রামের নোটিফিকেশন বন্ধ করে দিয়েছেন।
এদিকে, ভোজিনিয়া সম্প্রতি পর্তুগিজ দ্বিতীয় বিভাগ ছেড়ে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দিয়েছেন। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর তিনি আরও ভালো পারফরম্যান্সের আশা করছেন।