চিলির সান্তিয়াগো বিমানবন্দরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে বরণ করা হলো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে। রোববার (২ আগস্ট) ভিসা জটিলতা কাটিয়ে নতুন ক্লাব কোলও কোলতে যোগ দিতে তিনি দেশে পৌঁছান।
ভোজিনিয়ার কাহিনী শুরু হয় মাস দেড়েক আগে। গত ১৫ জুন স্পেনের বিপক্ষে ম্যাচের আগে তার নাম অনেকের কাছে অজানা ছিল। কিন্তু স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর রাতারাতি তিনি হয়ে ওঠেন তারকা। বিশ্বকাপে গ্রুপ পর্বে কোনো গোল না খেয়ে রাউন্ড অব ৩২-তে আর্জেন্টিনার বিরুদ্ধে তার অতিমানবীয় প্রদর্শন তাকে মেগাস্টার বানিয়েছে।
বর্তমানে তার ইনস্টাগ্রামে প্রায় ৩০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ৪০ বছর বয়সে এসে ফুটবল মাঠে তারুণ্যের জয়জয়কারের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ভোজিনিয়া একটি নতুন অধ্যায় শুরু করেছেন।
দক্ষিণ আমেরিকার অন্যতম সফল ক্লাব চিলির ‘কোলও কোলও’-এর সঙ্গে যুক্ত হয়ে নতুন দিগন্তের সন্ধান পেয়েছেন ভোজিনিয়া। বিমানবন্দরে তার আগমনে সমর্থকরা উল্লাস প্রকাশ করে। তারা ড্রামের তালে গান গেয়ে এবং ব্যানার উড়িয়ে তাকে অভ্যর্থনা জানান।
এই ঘটনা চিলির ফুটবলে ‘ভোজিনিয়া ইফেক্ট’ হিসেবে পরিচিতি পেয়েছে। ভোজিনিয়ার ক্লাবে যোগদানের ফলে কোলও কোলও-এর সামাজিক যোগাযোগমাধ্যমের ফলোয়ার সংখ্যা প্রায় ৭০ হাজার বেড়ে গেছে।
চিলির ফুটবল ফেডারেশন ভোজিনিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের জার্সির পুরোনো নিয়ম পরিবর্তন করেছে, যাতে তিনি তার ডাকনাম ‘Vozinha’ ব্যবহার করতে পারেন। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চের আলোড়নের পর কোলও কোলওকে কতদূর নিয়ে যেতে পারেন ভোজিনিয়া।