শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের জবাব দেবেন প্রতিমন্ত্রী টুকু

প্রতিমন্ত্রী টুকু বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের জবাব দেবেন প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, "রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

২৫ সেপ্টেম্বর শুক্রবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু অভিযোগ করেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং জনগণ দ্বারা বিতাড়িত হয়ে তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তিনি বলেন, "তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে। এই দেশের মানুষকে হত্যা করেছে, নির্বিচারে গুলি করেছে।"

তিনি আরও বলেন, "এখনও তাদের বোধোদয় হয়নি, কী কারণে পালিয়ে গেলো। তারা একবারও লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চাচ্ছে না।" প্রতিমন্ত্রী দাবী করেন, এই ষড়যন্ত্র করে বাংলাদেশে তারা রাজনীতি করতে পারবে না।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে টুকু বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তারেক রহমান।"

তিনি জনগণের ভোটের জন্য আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, "গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। জনগণের দাবি ও অধিকার নিয়ে যখনই কেউ ষড়যন্ত্র করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণই তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে, ভবিষ্যতেও দেবে।"

বিজ্ঞাপন