ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে এবং তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বর্তমানে শিক্ষার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলমান রয়েছে এবং এটি ফুড এলার্জির কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, "বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে মিড ডে মিল চালু হয় গত জানুয়ারি মাসে। এই প্রকল্পের আওতায় রোববারে ডিম ও বনরুটি, সোমবার দুধ ও বনরুটি, মঙ্গলবার কলা ও বিস্কিট, বুধবার ডিম ও বনরুটি এবং বৃহস্পতিবারও ডিম ও বনরুটি সরবরাহ করা হচ্ছে।
মিড ডে মিলের জন্য ডিম, পাউরুটি, কলা সরবরাহ করছে স্থানীয় সংস্থা ইএসডিও, দুধ সরবরাহ করছে আরডি নামক আরেকটি সংস্থা এবং বিস্কিট সরবরাহ করছে প্রাণ কোম্পানি। এর আগে, গত ২১ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গীর তিনটি বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ হয়েছিল, তারা বর্তমানে সুস্থ অবস্থায় বাড়িতে আছেন।