গতকাল রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চতুর্থ বোর্ড সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সভায় তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি দেশের ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে।
বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রিকেটারদের জন্য সংশোধিত ম্যাচ ফি অনুমোদন করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, চারদিনের ম্যাচে ক্রিকেটাররা ম্যাচপ্রতি দেড় লাখ টাকা, এক দিনের ম্যাচে এক লাখ টাকা এবং টি-টোয়েন্টির জন্য ৮০ হাজার টাকা পাবেন।
মেয়েদের ক্রিকেটের জন্যও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। নারীদের তিন দিনের ম্যাচের ফি ৪০ হাজার টাকা, ওয়ানডে ম্যাচের ফি ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
চতুর্থ বোর্ড সভায় ঘরোয়া ক্রিকেট কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ডিসেম্বরে ৬ দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যা পরবর্তীতে অন্যান্য সংস্করণেও সম্প্রসারিত হবে।