জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, উত্তরবঙ্গের জনগণের দাবির প্রেক্ষিতে ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি সরকারকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধীরগতির জন্য অভিযুক্ত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আজ শুক্রবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার জানান, রংপুর লংমার্চের জন্য ৭টি জনসভা এবং ৫টি পথসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রামের মত উত্তরবঙ্গের লংমার্চও সফল হবে এবং আগের চেয়ে বেশি সাড়া মিলবে।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চে সরকারের সর্বস্তরের সহযোগিতার প্রয়োজন রয়েছে। গণতন্ত্র, দেশ ও জাতির স্বার্থে গনতান্ত্রিক আন্দোলনে মানুষের কিছুটা ভোগান্তি হলেও তা জনগণের কল্যাণের জন্য জরুরি।