সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অস্তিত্বহীন এবং দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকে চাল সরবরাহ করা হচ্ছে সরকারের কাছে। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া লাইসেন্স ব্যবহার করে একটি সিন্ডিকেট এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
চান্দাইকোনা এলাকায় অবস্থিত আনোয়ারা সেমি অটো চালকলটি এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই বন্ধ মিল থেকেই সরকার এবছর ১১৯ টন চাল কিনতে যাচ্ছে। একই পরিস্থিতিতে রয়েছে সৌরভ অটো রাইস মিল, ওমর সেমি অটো রাইস মিল এবং লুৎফা অটো রাইস মিলসহ উপজেলার আরও কয়েকটি চালকল।
স্থানীয়রা জানান, বন্ধ থাকা মিলগুলোর চাতাল ভাড়া দেওয়া হয়েছে কাঠের গুঁড়া শুকানোর জন্য, কোথাও চলছে মুরগির খামার এবং গুদামে গড়ে উঠেছে গরুর খামার। এই অবস্থার মধ্যেও সরকারের পক্ষ থেকে চাল কেনার চুক্তি করা হচ্ছে।
রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “এমন কিছু অভিযোগ আছে। তবে এ ব্যাপারগুলো জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য পরিদর্শক ভালো বলতে পারবে।”
সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ জানান, “এমন অভিযোগে এরই মধ্যে রায়গঞ্জের পাঁচটি মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে।” বর্তমানে রায়গঞ্জ উপজেলার ১৩৭টি মিলের সঙ্গে প্রায় ৮৮ কোটি টাকা মূল্যের চাল সরবরাহের চুক্তি রয়েছে সরকারের।