নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি পোস্টকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজীব আহমেদ চৌধুরী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি ফেসবুকে ওই পোস্টটি দেখতে পান। জিডিতে উল্লেখ করা হয়েছে, পোস্টে দুটি ছবি সংযুক্ত করে দাবি করা হয় যে, নোয়াখালী সরকারি হাসপাতালে একজন মা’কে টাকা না দেওয়ার কারণে চিকিৎসা সেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রাজীব আহমেদ চৌধুরী বলেন, পোস্টটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য ও বাস্তব পরিস্থিতির সঙ্গে যাচাই করা হলে দেখা যায়, পোস্টে ব্যবহৃত ছবিটি নোয়াখালী জেনারেল হাসপাতালের নয়।
তিনি আরও জানান, ভিন্ন স্থানের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, এ ধরনের তথ্য হাসপাতালের সুনাম ও জনআস্থাকে ক্ষুণ্ন করছে এবং চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
এছাড়া, সরকারি হাসপাতাল সম্পর্কে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। জিডিতে পোস্টটির প্রকৃত উৎস শনাক্ত করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।