বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদের অংশ হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১০টি ডকইয়ার্ড উচ্ছেদ করেছে। আজ বুধবার কেরানিগঞ্জ ও শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় উচ্ছেদ করা হয় বিসমিল্লাহ, সাব্বির, ইউনিক মেরিনসহ ১০টি অবৈধ ডকইয়ার্ড। এসব ডকইয়ার্ড নদীর তীর দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল, যার ফলে মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে এবং নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, 'নদীতে কিছু অবৈধ ডকইয়ার্ড আছে, যারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যবসা করছে এবং সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে নদী দূষণ করছে।' তিনি জানান, ধাপে ধাপে সকল অবৈধ ডকইয়ার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে মোট সাড়ে ৫ লাখ টাকা লাইসেন্স ফি বকেয়া থাকায় এবং নদী দূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিআইডব্লিউটিএ জানায়, উচ্ছেদ অভিযানে নদী তীরের ১০ একর জমি দখলমুক্ত করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু বলেন, 'আপনারা যদি অবৈধ দখলদার হিসেবে থেকে থাকেন, আপনারা সরে যান। না হলে আমরা বিআইডব্লিউটিএ থেকে আইনগত প্রক্রিয়া মেনে এগিয়ে যাব এবং অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দেব।'
পরিবেশবিদরা জানান, এসব অবৈধ ডকইয়ার্ডের কোনো পরিবেশগত ছাড়পত্র নেই এবং নিরাপত্তা মানদণ্ডও মানা হচ্ছে না। জাহাজ নির্মাণ ও মেরামতের ধাতব বর্জ্য, পোড়া তেল ও রাসায়নিক সরাসরি নদীতে ফেলায় বুড়িগঙ্গা চরম দূষণের কবলে পড়েছে।