জামালপুরের মেলান্দহে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার ফিক্সড চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ইমন হোসেন। এ সময় জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। অভিযানে জানা যায়, ‘শেখ ব্রিকস’ নামের এই ইটভাটাটি প্রচলিত আইন অনুযায়ী অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।
অভিযান চলাকালে ইটভাটাটির কার্যক্রম বন্ধ পাওয়া যায় এবং ভাটার মালিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ফলে অভিযানে কোনো জরিমানা করা সম্ভব হয়নি। আইন বাস্তবায়নের অংশ হিসেবে ইটভাটির ফিক্সড চিমনি ভেঙে দেওয়া হয়।
এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ। তিনি উল্লেখ করেন, এখানে ফিক্সড চিমনি ছিল, যা ২০১০ সাল থেকে নিষিদ্ধ। সারাদেশে ফিক্সড চিমনি ও ড্রাম চিমনি উচ্ছেদের কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে প্রশাসন ও পরিবেশ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।