শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ঢাকায় ৪০০ ইলেকট্রিক বাস, পরিবেশ দূষণ রোধে নতুন উদ্যোগ

ঢাকায় ৪০০টি ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা, পরিবেশ দূষণ রোধে নতুন উদ্যোগ।

ঢাকায় ৪০০ ইলেকট্রিক বাস, পরিবেশ দূষণ রোধে নতুন উদ্যোগ

নির্মল বায়ু প্রজেক্টের আওতায় ঢাকায় ৪০০টি ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা। ইতোমধ্যে চীনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গণপরিবহন বিশেষজ্ঞরা জানান, ইলেকট্রিক বাস চালুর আগে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। বিশেষজ্ঞরা বাস ফ্র্যাঞ্চাইজি রুট চালুর তাগিদ দিয়েছেন। বর্তমানে ঢাকায় গণপরিবহন ব্যবস্থার অবস্থা ভোগান্তির। অধিকাংশ যানবাহন ফিটনেসবিহীন থাকায় দুর্ঘটনা ঘটছে এবং পরিবেশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

প্রধানমন্ত্রীর চীন সফরের সময় এই প্রকল্পের জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ জানায়, প্রথম ধাপে দেড়শো এবং পরে আড়াইশো বাস সড়কে নামবে। ২০৩০ সালের মধ্যে সবগুলো ইলেকট্রিক বাস সড়কে চলাচল করবে।

ডিটিসিএর ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার কে.এম তৌফিকুল হাসান বলেন, এই বাসগুলো প্রাইভেট ও সরকারি অপারেটরদের মাধ্যমে পরিচালিত হবে। তিনি জানান, ফ্রাঞ্চাইজি সিস্টেমে বাসগুলো পরিচালনা করা হবে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হক উল্লেখ করেন, ছোট গাড়িগুলো রাস্তা দখল করে নিলে বড় গাড়ির চলাচলের জায়গা থাকে না। তিনি বলেন, পুরো পৃথিবী বাসকে প্রাধান্য দেয়, কিন্তু আমাদের এখানে বাসকে উৎসাহিত করা হচ্ছে না।

অন্যদিকে, পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ইলেকট্রিক গাড়িগুলো সাশ্রয়ী হবে, তবে কিছু অবকাঠামোগত সাপোর্ট প্রয়োজন। চার্জিং স্টেশন ও ওয়ার্কশপ তৈরি করতে হবে।

বিশ্বব্যাংক এই প্রকল্পে ২ হাজার ১৩৫ কোটি টাকা ঋণ দিচ্ছে।

বিজ্ঞাপন