বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্বজুড়ে বাড়িভাড়ার ঊর্ধ্বগতি, ৪৪% পরিবার চাপে

বিশ্বজুড়ে বাড়িভাড়ার ঊর্ধ্বগতির কারণে ৪৪% পরিবার চাপে, আশ্রয়হীনতার আশঙ্কা বাড়ছে।

বিশ্বজুড়ে বাড়িভাড়ার ঊর্ধ্বগতি, ৪৪% পরিবার চাপে

বিশ্বজুড়ে বাড়িভাড়ার ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আবাসন ব্যয়। জাতিসংঘের ওয়ার্ল্ড সিটিজ রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সংকট শুধু অর্থনৈতিক চাপই বাড়াচ্ছে না, বরং সমাজ ও দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক যুগে বিশ্বের প্রতিটি পরিবারের মাসিক আয় ও আবাসন খরচের মধ্যে পার্থক্য বেড়েছে ২০ শতাংশেরও বেশি। এই অসামঞ্জস্যতায় অনেক পরিবারের জন্য বাসা ভাড়া দেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের ৪৪ শতাংশ পরিবার তাদের মাসিক আয়ের ৩০ শতাংশের বেশি ব্যয় করছে কেবল বাড়ি ভাড়ার পেছনে। আশ্রয়হীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে ১০৮টি দেশের এক-চতুর্থাংশ মানুষ।

বিশেষ করে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার ভাড়াটিয়াদের মধ্যে নিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি। ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও পরিবারগুলো তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে।

উন্নত দেশগুলোতেও আবাসন ঘাটতি বাড়ছে। ইউরো-আটলান্টিক অঞ্চলে ২০১০ সালের তুলনায় ২০২৩ সালে আবাসন ঘাটতি প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের প্রভাব সামাজিক জীবনে পড়ছে। বিয়ের জন্য আর্থিক সামর্থ্য না থাকায় তরুণদের একাকীত্ব বাড়ছে, এবং বাসস্থানের অনিশ্চয়তা আত্মহত্যার প্রবণতা তৈরি করছে। শিশুর জন্মহারও আশঙ্কাজনক হারে কমছে।

জাতিসংঘের মতে, বিশ্বের শ্রমবাজার, যোগাযোগ ব্যবস্থা ও ডিজিটাল প্রযুক্তির মতো বিপুল সম্পদ একটি মুষ্টিমেয় অভিজাত শ্রেণির হাতে কুক্ষিগত থাকায় অর্থনৈতিক বৈষম্য দিন দিন আরও প্রকট হচ্ছে।

বিজ্ঞাপন