আগামী ১৯ অথবা ২০ সেপ্টেম্বর সাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
আফরোজা সুলতানা জানান, লঘুচাপের আগ পর্যন্ত আগামী ২ থেকে ৩ দিন আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে তাপমাত্রা ৩৬ ডিগ্রির উপরে উঠবে না।
তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ এবং খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার আগ পর্যন্ত ভ্যাপসা গরম অনুভূত হবে, তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, এবং অক্টোবরের মাঝামাঝি থেকে গরম কমে আসবে।