বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে ভারতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ভারত সরকারকে আমাদের এই সেনসিটিভিটিটা বুঝতে হবে এবং তাদের আমাদের কাছে হস্তান্তর করতে হবে।"
জাহেদ উর রহমান জানান, ভারতের হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, "ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কারও প্রতি সরকারের অনুরাগ কিংবা বিরাগ নেই।" গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর সংক্রান্ত মামলার বিষয়ে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই, এটি আদালতের বিষয়।
তথ্য উপদেষ্টা জানান, ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধে ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।