মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিপদে দেশের মানুষের দায়িত্ব বিএনপির উপর: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিপদে দেশের মানুষ বিএনপির উপর নির্ভর করে।

বিপদে দেশের মানুষের দায়িত্ব বিএনপির উপর: সমাজকল্যাণমন্ত্রী

দেশ যখন বিপদে পড়ে, তখন দেশের মানুষ উদ্ধারের দায়িত্ব বিএনপির উপর ন্যস্ত করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, "বিএনপির কাজ হচ্ছে বিপদ থেকে দেশ ও দেশের মানুষকে উদ্ধারে নেতৃত্ব দেওয়া।"

রোববার দিবাগত রাত ১টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা বিএনপির সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, "আমরা যদি বিশৃঙ্খলা করি, তাহলে এর লাভ হবে গুপ্ত এবং পলাতক বাহিনীর।"

মন্ত্রী আরও বলেন, "দল না থাকলে পদের দাম নাই এবং ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন এগিয়ে যায় না।" তিনি বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুলসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।

বিজ্ঞাপন