সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ার বাজারে আবারও বড় দরপতন ঘটেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন লেনদেনের পরিমাণ ৪০০ কোটির ঘরে নেমে এসেছে। বাজারে ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। সকাল থেকেই সূচকের পতন শুরু হয় এবং দিন শেষে ডিএসইএক্স সূচক ৩৯ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে, যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
খাত সংশ্লিষ্টদের মতে, বাজারে ভালো ও বহুজাতিক কোম্পানির সংকটের কারণে টানা দরপতন হচ্ছে। তারা প্রতিষ্ঠিত কোম্পানিগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডিএসইতে লেনদেনের পরিমাণ আজ ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৮৪ কোটি ৭৬ লাখ টাকা কম।
আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৯টি বা প্রায় ৭৭ শতাংশের শেয়ারদর কমেছে, যা বাজারজুড়ে শেয়ার বিক্রির চাপের ইঙ্গিত দেয়। অন্যদিকে, শেয়ারদর বেড়েছে মাত্র ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এনভয় টেক্সটাইলস, প্যারামাউন্ট টেক্সটাইল এবং শার্প ইন্ডাস্ট্রিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, দ্বিতীয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৬১ দশমিক ৯৭ পয়েন্ট কমেছে। সেখানে মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৩৪ লাখ টাকা।