মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের দুই যুবক।

শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল হক ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের উদ্দীনের ছেলে। আহত মোস্তাকিম ও শ্রী উদা যথাক্রমে আহেদ আলী ও মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফের ৬৩ চকশিবানন্দ ক্যাম্পের টহলদল গুলি চালালে তিনজনই গুরুতর আহত হন। আহতদের ভারতীয় কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হক মারা যান।

স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী জানান, 'বিএসএফের গুলিতে নিহত ও আহতরা আমার এলাকার ছেলে। ভারতীয় সংবাদমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং আহতদের অবস্থা ভালো নয়।'

দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, 'বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।'

বিজ্ঞাপন