স্থানীয় নির্বাচনে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া প্রশাসকদের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেছেন, এই নিয়োগগুলো নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, "নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলম বিএনপির সাব কমিটিতে ছিলেন, তাই তার অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না।"
মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন যে, শামসুল আলমের নিয়োগ সাংবিধানিক প্রতিষ্ঠানের আইন লঙ্ঘন করে। তিনি বলেন, "আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আমরা ৯ দফা দাবি ও পরামর্শ নির্বাচন কমিশনকে জানিয়েছি।"
তিনি উল্লেখ করেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে বৈষম্য সৃষ্টি হবে এবং নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে।
এছাড়া, নির্বাচনে মন্ত্রী ও এমপিরা যাতে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করতে না পারেন, সে বিষয়েও দাবি জানানো হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, "আমরা এখনো ইসির প্রতি আস্থাশীল, তবে দলীয় সরকারের চাপ রয়েছে।"
মিয়া গোলাম পরওয়ার জানান, ১১ দলীয় ঐক্যের সকল দল স্থানীয় নির্বাচনে নিজেদের প্রার্থী দিতে পারবে এবং এতে কোনো বাধা নেই।