বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

‘ঘুষ সাইট’ চালু, ১০ দিনে ৩৩৪ কোটি টাকার অভিযোগ জমা

‘ঘুষ সাইট’ চালু হয়েছে, ১০ দিনে ৯ হাজার অভিযোগ জমা পড়েছে, দাবি ৩৩৪ কোটি টাকার।

‘ঘুষ সাইট’ চালু, ১০ দিনে ৩৩৪ কোটি টাকার অভিযোগ জমা

‘ঘুষ.সাইট’ (ghush.site) নামের একটি ওয়েবসাইট মাত্র ১০ দিন আগে চালু হয়েছে, যা দুর্নীতির বিরুদ্ধে একটি উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত এই সাইটে ৯ হাজার ৯২৪টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ঘুষ হিসেবে দাবি করা অর্থের মোট পরিমাণ ৩৩৪ কোটি টাকা।

এই সাইটের প্রতিষ্ঠাতা ১৭ বছর বয়সী শাহেদ শরীফ আহমেদ জানান, তার মায়ের মৃত্যুর পর পেনশনের টাকা তুলতে গিয়ে ঘুষের বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। এছাড়াও, নিজের পাসপোর্ট তৈরির সময়ও একই সমস্যা দেখা দেয়। এসব অভিজ্ঞতা থেকেই তিনি এই সাইটটি তৈরির সিদ্ধান্ত নেন।

শাহেদ ময়মনসিংহের সানকিপারায় বাবার সঙ্গে বসবাস করেন এবং বর্তমানে কেমব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলে পড়াশোনা করছেন। তিনি জানান, ভারতীয় একটি ঘুষবিরোধী ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে ‘ঘুষ সাইট’ তৈরি করেন।

এই প্ল্যাটফর্মে নাগরিকরা সম্পূর্ণ বেনামে সরকারি দফতরে ঘুষ চাওয়ার অভিজ্ঞতা বা দাবিকৃত অর্থের পরিমাণ নথিভুক্ত করতে পারেন। সাইটটি কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ না করে শুধুমাত্র অনিয়মের ধরন ও প্রবণতা উন্মোচনের লক্ষ্যে কাজ করছে।

শাহেদ আরও জানান, অভিযোগগুলো যাচাই করার জন্য একটি মডারেশন টিম কাজ করছে। তবে আইনি ঝুঁকির কারণে আপাতত অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হচ্ছে না। ভবিষ্যতে আইনি সহায়তা পেলে তথ্য আরও বিস্তৃতভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়; বরং ঘুষের প্রকৃতি এবং খাত সম্পর্কে একটি স্বচ্ছ চিত্র তৈরি করা।” এই সাইট পরিচালনায় শাহেদের খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা, এবং তিনি আশা করেন সরকারি বা অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে এটি আরও বড় পরিসরে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন