দেশে সারের সংকট নেই, তবে সরবরাহে কিছু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, "দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পর্যাপ্ত খাদ্য মজুত রাখাই খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।" তিনি উল্লেখ করেন যে, খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সারা দেশে খাদ্য গুদাম ও সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করা হবে। খাদ্যমন্ত্রী বলেন, "দুর্যোগ বা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা এবং নিরাপদ খাদ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় পর্যায়সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।"
সারের সংকটের কারণে খাদ্য উৎপাদন ব্যহৃত হওয়ার আশঙ্কা রয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশে সারের কোনো সংকট নেই। তবে সরবরাহ ও সঠিক ব্যবহারে কিছু সমস্যা রয়েছে।"