নেপাল ও চীন সীমান্তে তিব্বতের একটি কৃত্রিম হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার ফলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় উদ্ধারকর্মীদের নিরাপত্তার জন্য অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নেপাল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তিব্বতের অংশে এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে পাহাড়ি নদীগুলোতে তীব্র বেগে পানি ধেয়ে আসছে। উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত সকল কর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পৌঁছানো জরুরি উদ্ধারকারী দলগুলোকে এক কিলোমিটার পিছিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সকল উদ্ধারকারী দলকে তাদের অবস্থানে থাকতে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
গত বুধবার হিমালয় অঞ্চলে এক ভয়াবহ হিমবাহ ধসের পরিপ্রেক্ষিতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ৪৬৯ জনে পৌঁছেছে। এই দুর্যোগে এখনো হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং কাঁদার নিচে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম।