শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’

ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করা হয়েছে।

ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের প্রেক্ষাপটে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্বাহী আদেশে সই করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওভাল অফিসে এ আদেশে স্বাক্ষর করেন তিনি।

নির্বাহী আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর আগামী ৩০ দিনের মধ্যে সরকারি ভৌগোলিক নামের তালিকা ‘জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেম’ (জিএনআইএস)-এ হ্রদটির নাম পরিবর্তন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই পরিবর্তন মূলত যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবহারের জন্য প্রযোজ্য হবে।

ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কথাও জানান। তিনি দাবি করেন, কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায় আচরণ করে আসছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, লেকটির নাম ৪০০ বছরেরও বেশি পুরোনো এবং কানাডা এটি ‘লেক অন্টারিও’ নামেই ডাকবে।

অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডও বলেন, কানাডীয়দের কাছে এবং বিশ্বের কাছে এটি লেক অন্টারিওই থাকবে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও জানিয়েছেন, তার অঙ্গরাজ্য এ হ্রদটিকে ‘লেক আমেরিকা’ নামে ডাকবে না।

লেক অন্টারিও উত্তর আমেরিকার পাঁচটি গ্রেট লেকের একটি এবং এর নামের উৎস আদিবাসী ভাষার সঙ্গে যুক্ত। ট্রাম্পের নাম পরিবর্তনের উদ্যোগ নতুন নয়; এর আগে ২০২৫ সালে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার নির্বাহী আদেশ দিয়েছিলেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি।

মার্কিন ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। মিশিগানের কংগ্রেস সদস্য ডেবি ডিংগেল জানিয়েছেন, নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করতে কংগ্রেসে বিল আনার উদ্যোগ নেবেন তিনি।

বিজ্ঞাপন