বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: আগামী ৫ দিন আবহাওয়া অফিসের তথ্য

আগামী ৫ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: আগামী ৫ দিন আবহাওয়া অফিসের তথ্য

আগামী ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করে। পূর্বাভাসে বলা হয়, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আগামীকাল বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

শুক্রবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের ৮ বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববারও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন