বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বন্ডের সুদহার ৩৯ মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

বন্ডের সুদহার ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার ৯.১০%।

বন্ডের সুদহার ৩৯ মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

৩৯ মাসের মধ্যে বন্ডের সুদহার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১০ শতাংশ এবং ২০ বছর মেয়াদি বন্ডের সুদহার ৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবারের নিলামে ১ হাজার কোটি টাকা করে মোট ২ হাজার কোটি টাকা তোলা হয়েছে। এর আগে ২৮ জুলাই একই পরিমাণ টাকা তুলতে ১৫ বছর মেয়াদি বন্ডে ১০ দশমিক ৩৬ শতাংশ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ১০ দশমিক ৪১ শতাংশ সুদ প্রদান করা হয়েছিল।

সম্প্রতি এ ধরনের বন্ডের সুদহার ১০ শতাংশের ওপরে ছিল। মঙ্গলবারের সুদহার ২০২৩ সালের মে মাসের পর সর্বনিম্ন হিসেবে চিহ্নিত হয়েছে।

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে বিনিয়োগে ধীরগতি দেখা দিয়েছে। এ অবস্থায় উদ্বৃত্ত অর্থ বিনিয়োগের জন্য ব্যাংকগুলো ট্রেজারি বিল ও বন্ডের দিকে ঝুঁকছে, যার ফলে বন্ডের সুদহার কমে এসেছে।

তিন ও ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদহারকে ভিত্তি সুদ হিসাবে ধরা হয়। এই দুটি উপকরণের সুদহার কমলে অন্যান্য খাতের সুদহারও সমন্বয় করে কমাতে হয়।

বিজ্ঞাপন