নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার একটি বিল পার্লামেন্টে আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।
আজ সোমবার এই ঘোষণার মাধ্যমে নিউজিল্যান্ড প্রতিবেশী অস্ট্রেলিয়ার পদাঙ্ক অনুসরণ করছে, যেখানে গত বছরের ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
লাক্সন জানান, নতুন নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তাদের বিশ্বব্যাপী আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।
প্রস্তাবিত বিলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে শিশুদের বয়স যাচাইয়ের জন্য কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্ল্যাটফর্মগুলো বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি এবং ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করতে পারবে।
লাক্সন বলেন, 'সোশ্যাল মিডিয়া শিশুদের ক্ষতিকর কনটেন্ট ও মানসিক চাপের মুখোমুখি করছে, যা তাদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম এবং লেখাপড়াকে ক্ষতিগ্রস্ত করছে।'
তবে, বিলটি পার্লামেন্টে পাস হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ক্ষমতাসীন জোট সরকারের শরিক দল নিউজিল্যান্ড ফার্স্ট ইতোমধ্যেই বিলটির বিরোধিতা করার কথা জানিয়েছে।
নিউজিল্যান্ড ফার্স্ট দলের নেতা উইনস্টন পিটার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, 'অস্ট্রেলিয়ায় জারি করা আইনটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার দায়িত্ব মূলত অভিভাবকদের।'
প্রধানমন্ত্রী লাক্সন স্বীকার করেছেন যে, এই আইন বাস্তবায়ন পুরোপুরি সহজ হবে না। তবে তিনি জানান, শিশুদের সুরক্ষার স্বার্থে এই উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।