সাভার ও আশুলিয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সমস্যা প্রকট হয়ে উঠেছে। অপরিকল্পিত বাড়িঘর এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে স্থানীয়দের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই পরিস্থিতি পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করছে।
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাথী গার্মেন্টস থেকে মুসলিমটেক, শরবতটেক ও মোল্লারবাগ শাখা সড়ক বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকে। স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা এই বেহাল ড্রেনের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সাভার ও আশুলিয়ার বিভিন্ন পাড়া-মহল্লায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নোংরা পানি জমে থাকে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি সাধন করছে। আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন বুলবুল বলেন, 'গুরুত্বপূর্ণ এ শিল্পাঞ্চলে প্রায় ৭০ লাখ মানুষের বসবাস। অথচ বাড়িঘর তৈরি হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়াই। পরিকল্পিত নগরী চাইলে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর হতে হবে।'
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'অপরিকল্পিত নগরায়নের জন্য সচেতনতার অভাবই দায়ী।' স্থানীয়রা দাবি করছেন, শিল্পাঞ্চলের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং মানুষের বাসযোগ্য পরিবেশ তৈরিতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।