ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে। এই আইন ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। ফ্রান্স ইউরোপের প্রথম দেশ হিসেবে কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলো।
মঙ্গলবার (২১ জুলাই) ফ্রান্সের সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলি আইনটি অনুমোদন করে। নতুন আইনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হলে ফ্রান্সের সকল ব্যবহারকারীকে তাদের বয়স যাচাই করতে হবে।
শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং তিনি তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের শেষ সময়ে এই আইন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে কিছু বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন যে, এই আইন কার্যকর করা সম্ভব হবে কি না। সরকারের দাবি, বয়স যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অনলাইন প্রযুক্তি কার্যকর ও নিরাপদ হবে।
আইনটি দুই ধাপে কার্যকর হবে। সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৫ বছরের কম বয়সীরা নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবে না। নতুন সব অ্যাকাউন্টের ক্ষেত্রে বয়স যাচাই বাধ্যতামূলক হবে। জানুয়ারি ২০২৭ থেকে এই নিয়ম বিদ্যমান অ্যাকাউন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বয়স যাচাই প্রযুক্তি ব্যবহার করতে হবে। অস্ট্রেলিয়ার পর ফ্রান্স দ্বিতীয় দেশ হিসেবে এমন নিষেধাজ্ঞা চালু করলো।