ইসলামী ব্যাংকে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ বসানোর আহ্বান জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটি দাবি করেছে, ব্যাংক লুটেরা যেন আর ফিরে আসতে না পারে, সেজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন।
সোমবার রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা বলেন, ইসলামী ব্যাংকের বোর্ড পরিচালনায় কোনো ভুল সিদ্ধান্ত হলে তা ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি করবে।
এ সময় তারা এস আলমের পাচারকৃত সম্পত্তি দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেন, তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, এস আলমরা আবারও ব্যাংক দখলের চেষ্টা করছেন।
তারা ব্যাংক লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি প্রকৃত মালিকদের কাছে ইসলামী ব্যাংকের শেয়ার হস্তান্তরের দাবি জানান।