ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় আজ ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।
বিশেষ বেঞ্চে চাঞ্চল্যকর এই হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই। ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নুসরাতকে তার কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা দায়ের হলে সিরাজ উদদৌলাকে গ্রেপ্তার করা হয়।
মামলা তুলে না নেওয়ার কারণে ৬ এপ্রিল নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাত মারা যান।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলায় বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড দেন। ডেথ রেফারেন্সের জন্য নুসরাত হত্যা মামলার রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে ২০১৯ সালের ২৯ অক্টোবর।