ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি আরোপ সংক্রান্ত খসড়া আইন অনুমোদন করেছে। এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
কমিটির মুখপাত্র হাসান কাশকাভি জানান, জলপথটির কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আগের বৈঠকে আলোচনা স্থগিত থাকার পর সদস্যরা খসড়া আইনের তৃতীয় ধারা অনুমোদন করেন।
তৃতীয় ধারায় হরমুজ প্রণালিতে নৌ চলাচল, পরিবেশগত সেবা, বিশেষ ক্ষেত্রে জ্বালানি সরবরাহ, বিমা, নিরাপত্তা ও অন্যান্য সেবার জন্য ফি নেওয়ার কথা বলা হয়েছে। অনুমোদিত দেশগুলোর জাহাজ থেকে এসব ফি নেওয়া হবে এবং ফি ইরানি রিয়াল বা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায় পরিশোধ করা যাবে।
উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় হরমুজ প্রণালি একটি বড় বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের আগে এই নৌপথে জাহাজ চলাচল ছিল অবাধ, তবে বর্তমানে ইরান এই নৌপথ নিয়ন্ত্রণের পাশাপাশি ফি আরোপের দাবি করছে। যুক্তরাষ্ট্র এই দাবি প্রত্যাখ্যান করেছে।