সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ জন, আহত ২২।

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি বিশাল আবর্জনার স্তূপ ধসে নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। রোববার (২৩ আগস্ট) রাত দুইটার দিকে রাজধানী কোনাক্রিতে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির ফলে বর্জ্যের স্তূপটি ধসে পড়ে। এতে আশপাশের তাঁবু ও অস্থায়ী ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। নিহতদের মধ্যে ছয়জন গুরুতর এবং ১৬ জন সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিধসের পরিমাণ এতটাই বড় ছিল যে একটি অ্যাপার্টমেন্ট ভবনসহ বেশ কয়েকটি অস্থায়ী স্থাপনা মাটির নিচে চাপা পড়ে।

ঘটনার পর ক্ষয়ক্ষতি পরিদর্শন এবং উদ্ধার তৎপরতা তদারক করতে ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য বলেন।

এক সপ্তাহেরও কম সময় আগে সরকার ওই বর্জ্যভূমি বন্ধ করে বর্জ্য অন্যত্র সরানোর পরিকল্পনা ঘোষণা করেছিল। বর্ষাকালে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি নিয়ে উদ্বেগ ছিল।

গিনির অবকাঠামোগত উন্নয়ন সীমিত এবং দারিদ্র্য ব্যাপক। বিশ্বব্যাংকের এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ১ কোটি ৫১ লাখ মানুষের মধ্যে ৩৭ লাখ মানুষ দৈনিক ৪ দশমিক ২০ ডলারের কম আয়ে জীবনযাপন করেন।

বিজ্ঞাপন