লেবাননে জনপ্রিয় ফুড ইনফ্লুয়েন্সার জর্জেস দিবকে খাবারের ভেতরে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) তাকে গ্রেফতার করে দেশটির কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দিবের বিরুদ্ধে মাদক পাচারের মামলায় অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ রয়েছে। তাকে লেবাননের উত্তরাঞ্চলীয় আক্কার গভর্নরেটের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জর্জেস দিব, যিনি টিকটকে ‘ডক্টর ফুড’ নামে পরিচিত, তার অনুসারীর সংখ্যা ৮০ লাখেরও বেশি। গ্রেফতারির পর তাকে মাউন্ট লেবাননের একটি আটককেন্দ্রে নেওয়া হবে, যেখানে তার বিরুদ্ধে নতুন করে বিচার হবে।
দিবের বিরুদ্ধে প্রায় দুই বছর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকদ্রব্য তৈরি, পাচার ও বিদেশে চোরাচালানের অভিযোগ রয়েছে।
গত মাসে, বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক মেশানো খাদ্যপণ্য জব্দের সময় দিবের মালিকানাধীন কারখানার পণ্যগুলো অভিযুক্ত করা হয়। এসব খাদ্যপণ্য উপসাগরীয় অঞ্চলের একটি দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
এদিকে, দিব সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করা অব্যাহত রেখেছিলেন, যদিও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও আদালতের সাজা ছিল। তিনি সম্প্রতি একটি ভিডিওতে অভিযোগ অস্বীকার করে অনুসারীদের তার বিরুদ্ধে প্রচারিত কথাবার্তায় কান না দেওয়ার আহ্বান জানান।